POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্বকাপ ফাইনালে ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে দর্শক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ | সময়: ৫:১৭ অপরাহ্ণ

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে ঢুকে পড়েছেন এক সমর্থক। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে ভারত।

ভারতের ইনিংসের ১৪তম ওভারে নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি বেষ্টিত টি-শার্ট ও মাস্ক পরে মাঠে প্রবেশ করেছে এক দর্শক। তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। মাঠে প্রবেশ করে কোহলিকে নিয়েছেন বাহুডোরে।

সেই দর্শকের টি-শার্টের সামনের অংশে লেখা ছিল ‘স্টপ বোম্বিং প্যালেস্টাইন’ অর্থাৎ ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করুন। আর পেছনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’। সময়ক্ষেপণ না করে তাঁর পেছনে ছোটেন নিরাপত্তাকর্মীরাও। ওই দর্শককে ধরে মাঠের বাইরে নিয়ে যান তারা।

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০.২ ওভারে স্কোর বোর্ডে ৮১ রান জমা করতেই প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়েছে ভারত।

দলের ব্যাটিং বিপর্যয়ে চতুর্থ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়ে ফেরেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৮.৩ ওভারে দলীয় ১৪৮ রানে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে চার বাউন্ডারিতে ৫৪ রান করেন কোহলি।

দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন লোকেশ রাহুল। তাকে সঙ্গ দিচ্ছেন রবিন্দ্র জাদেজা। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ভারত বিশ্বকাপে এনিয়ে চতুর্থবার ফাইনালে খেলছে। ১৯৮৩ সালের ফাইনালে বিশ্বকাপের প্রথম দুই আসরের টানা চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তৃতীয় আসরে প্রথমবার শিরোপা জিতে নেয় কপিল দেবের নেতৃত্বাধীন ভারত।

প্রথম বিশ্বকাপ জয়ের ২০ বছর পর ২০০৩ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে রানার্সআপ হয় ভারত। এরপর ২০১১ সালের  বিশ্বকাপে ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত।

দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ১২ বছর পর ফে ফাইনালে ভারত। ২০০৩ সালের মতো এবারও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন এবং অষ্টমবার ফাইনালে খেলছে। তারা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি জিততে চায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন