POPULAR BD NEWS
Popular BD News Logo

রবি ও সোমবার সারা দেশে গণতন্ত্র মঞ্চের হরতাল

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩ | সময়: ৪:২০ অপরাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল বাতিলের দাবিতে আগামী রোববার ও সোমবার সর্বাত্মক হরতালের ঘোষণা এসেছে বিএনপির আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে। বিএনপিও বিকালে একই কর্মসূচি ঘোষণা করতে পারে।

বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফশিল বাতিলের দাবিতে আগামী রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

এদিকে ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর ৫ম দফা অবরোধের শেষ দিন আজ। বিএনপিসহ সমমনা দলগুলো সারাদেশে এই কর্মসূচি পালন করছে।

গণতন্ত্র মঞ্চের মতো ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে নুরুল হক নুরের গণঅধিকার পরিষদও।

বুধবার সন্ধ্যায় ইসির তফশিল ঘোষণার পরপরই এর প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযেগী সংগঠনের নেতাকর্র্মীরা। বিক্ষোভ করেছে গণতন্ত্র মঞ্চ, জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টিও। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্রমঞ্চের নেতারা জানান, আজ অবরোধের পাশাপাশি দেশব্যাপী হরতাল কর্মসূচি পালন করবেন তারা।

তফশিল ঘোষণার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তফশিল প্রত্যাখ্যান করে বলেন, ‘গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপরি আহ্বান উপেক্ষা করে নিশিরাতের সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশার তফশিল ঘোষণা করেছে। শেখ হাসিনার নির্দেশে অতীতের মতোই আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন যে তফশিল ঘোষণা করেছে, তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন