চাঁদপুরের কচুয়া ও শাহরাস্তি উপজেলা থেকে বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শাহরাস্তিতে ২০২২ সালের একটি মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ কবির (৪১), ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন (২৭) ও পৌরসভার সেনগাঁও গ্রামের যুবদল সমর্থক মোঃ এমদাদ হোসেন (৩০)।
এদিকে কচুয়া উপজেলায় নাশকতার মামলায় ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাস্তার উপর একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনার দায়ে তাদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান (৫৬), উপজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান (২৬), বিতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান (৫০) ও খলাগাঁও গ্রামের বিএনপি নেতা মনির হোসেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, শনিবার সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কচুয়ায় নাশকতার ঘটনার চেষ্টার দায়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।