POPULAR BD NEWS
Popular BD News Logo

মোদির বাড়িতে মেহমান হবেন শেখ হাসিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩ | সময়: ৬:০৫ অপরাহ্ণ

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন।

তবে দুই নেতার বৈঠকটি হায়দরাবাদ হাউস অথবা সাউথ ব্লকে নয়, অনুষ্ঠিত হবে মোদির নিজ বাসভবন ৭ লোককল্যাণ মার্গে। কূটনৈতিকদের মতে, আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে।

ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল থেকে শুরু হবে জি২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়।

কিন্তু ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছে কূটনৈতিক মহল।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা মোদির পাশাপাশি দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। তবে নয়াদিল্লিতে সফরকারী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হবে কিনা, এই প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট কর্তারা দিতে না পারলেও সম্ভাবনার কথা তারা বলছেন।

 

সূত্র: আনন্দবাজার প্রতিবেদন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন