POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে যৌথ অভিযানে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩ | সময়: ৯:৫৩ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলা সদরে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।

এ সময় বাজার তদারকি কাজে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

নুর হোসেন রুবেল জানান, আজ ফরিদগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় আরাফাত হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে বাসি কাবাব পাওয়া, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ফুডগ্রেড কালার দিয়ে কেক তৈরির অপরাধে ১৫ হাজার জরিমানা করা হয়েছে। একই এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় আছ নিফা ফার্মেসিকে ৫ হাজার টাকা, বাজারে পেঁয়াজ, আদা, আলু ও রসুনের পাইকারী বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ব্রাদার্সে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় আল শিফা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর একই এলাকার মোহছেন আউলয়া হোটেলে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না থাকার দায়ে ১৫ হাজার টাকা, একই এলাকায় ৩টি ফল দোকানে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ডেংঙ্গু পরীক্ষা ফি বেশি রাখার দায়ে ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশবর্তী এলাকায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা অসামঞ্জস্যপূর্ণ পাওয়ায় মনির হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথ অভিযানে সর্বমোট ১০প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানের সহযোগিতায় ছিলেন ফরিদগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন