POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ড্রেজার শ্রমিক অপহরণ, গ্রেফতার তিন 

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩ | সময়: ৪:৫১ অপরাহ্ণ

চাঁদপুরে আব্দুল মালেক পারভেজ (২৫) নামের এক ড্রেজার শ্রমিককে আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। পরে পুলিশ কৌশল অবলম্বন করে ৩ অপহরণকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং অপহৃত ড্রেজার শ্রমিককে উদ্ধার করেন।

 

শনিবার (১৫ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের একটি নির্জন চর থেকে তাদের ৩জনকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- সাব্বির, মফিজ ও সুমন। সকলেই সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের বাসিন্দা। অপহরণের শিকার মালেক লক্ষ্মীপুর জেলার রামগতী উপজেলার বালুচর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।

 

এর আগে শুক্রবার (১৪ জুলাই) সকালে অপহৃত ড্রেজার শ্রমিকের শ্যালক মোঃ ইমরান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রযুক্তির সহায়তায় অভিযোগটা তদন্ত করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিন হোসেন। তাকে সহযোগিতা করেন এএসআই তসলিম হোসেন।

 

অভিযোগকারী মোঃ ইমরান জানান, আব্দুল মালেক গত ৫ থেকে ৬ মাস চাঁদপুরের বিভিন্ন এলাকায় ড্রেজার শ্রমিকের কাজ করেন। সর্বশেষ ১২ জুলাই বিকাল হতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়।

 

এসআই শাহরিণ হোসেন জানান, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম এর নির্দেশে অভিযোগ পেয়ে অপহ্নত ব্যক্তিকে উদ্ধারে কাজ করি। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সামনে থেকে বাদীর মোবাইল ফোনে আসা কলের সূত্র ধরে এগিয়ে যাই। পরে অপহরণকারীরা নদী পাড় হয়ে চরে যেতে বলে পুলিশও তাদের পেছনে অন্য একটি ট্রলার নিয়ে যায়। এ সময় বাদী ইমরানের সাথে ছিল লুঙ্গি পড়ুয়া এএসআই তসলিম। চরে পৌঁছার পর অপহরণকারীদের আমরা গ্রেফতার করতে সক্ষম হই ও অপহ্নত ব্যক্তিকে জীবিত উদ্ধার করি।

 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, অপহ্নত ব্যক্তিকে আমরা উদ্ধার করেছি। এছাড়া ৩ জন অপহরণকারী গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন