POPULAR BD NEWS
Popular BD News Logo

২৪ বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৮, ২০২৩ | সময়: ১২:২২ অপরাহ্ণ

রাত পোহালেই ঈদ। এই কুরবানির ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ বেড়েছে ছোট-বড় যানবাহনের চাপ। ২৪ বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

২০২১ সালের ১৩ মে ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছিল।  আর এতে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।

বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় পার হয়েছে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন। আর টোল আদায় হয় ২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া পশ্চিম টোল প্লাজায় পার হয় ১৮ হাজার ৯৯৭টি যানবাহন। এতে টোল আদায় হয় ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

তিনি আরও জানান, ঈদ যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৫-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহণের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন