POPULAR BD NEWS
Popular BD News Logo

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, হতে পারে বৃষ্টি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৮, ২০২৩ | সময়: ১২:০৫ অপরাহ্ণ

দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে। এসব সমুদ্রবন্দরের ওপর দিয়ে হঠাৎ করে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি।

আবহাওয়ার সামুদ্রিক সতর্কবাতায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমে বলেন, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের গতি কখনো কখনো বাড়ছে। হঠাৎ করে ঝড়ো হাওয়া তৈরি হতে পারে।

 

বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা থাকলে সেন্টমার্টিন বা দ্বীপ এলাকাগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকে বলেও জানান তিনি।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি আরও বাড়তে পারে বলেও জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা চলতে পারে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন