চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফুটবল খেলা কে কেন্দ্র করে উভয়পক্ষের মারামারিতে অন্তত ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার বিকেলে প্রতিদিনের ন্যায় উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের ঠাকুর বাড়ি সংলগ্ন মাঠে ফুটবল খেলতে যায় একদল কিশোর-তরুণরা।
খেলার মধ্যেই হঠাৎ করে একজন আরেকজনকে ধাক্কা দিলেই লাগে বিপত্তি। এ নিয়ে তাদের দুপক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। এক পর্যায়ে মারামারি শুরু হয়। ফুটবল খেলা কে কেন্দ্র করে কিশোর ও তরুণদের মধ্যে এই মারামারিতে মো. রাশেদ, সাইফুল, ফরহাদ, সাব্বির, রবিউল ও রায়হান’সহ ছয়জন আহত হয়।
পরে স্থানীয় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাশেদ ও সাইফুলকে ভর্তি নিয়ে বাকী চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার প্রত্যক্ষদর্শী এক কিশোর জানান, খেলার মাঝেই বাগবিতন্ডায় লিপ্ত হয়ে রাশেদ সাইফুলকে থাপ্পড় দেয়। এতেই শুরু হয় মারামারি।
কিশোর ও তরুণদের এ মারামারিতে বাঁশ ও লাঠি নিয়ে এসে পেটানোর অভিযোগ উঠেছে সাইফুলের বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে।
তবে এসব অস্বীকার করে বিল্লাল হোসেন জানান, দুপক্ষকে সরিয়ে দিয়ে তার দুই সন্তানকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যান।