চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৩টি সিএনজি চুরির ও চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ সিলেট থেকে চোরচক্রের ৮সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম।
তিনি জানান, মঙ্গলবার হাজীগঞ্জ থানা পুলিশ ও সিলেটে সিএমপি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, আনহার আলী (৩৫), বিল্লাল আহম্মদ @ কালা বিল্লাল (৩৪), বিল্লাল হোসেন (২৪), মোঃ নজরুল খাঁন(২৬), মোঃ সোহান মিয়া(২৪), মোঃ শিমুল আহম্মদ(২৪), আবুল বাছিত (৪০) ও মোঃ আলমগীর আহম্মদ (২৬)। তারা সবাই সিলেট ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা ও সিলেটে অভিযান পরিচালনা করে ৩টি সিএনজি ও চোরাই কাজে ব্যহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-৯৬৪২) জব্দ করে। বুধবার আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ চাঁদপুর আদালত সোপর্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ ও উপপরিদর্শক মোঃ মিজবাহুল আলম প্রমুখ।