POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, অংশ নেবেন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩ | সময়: ৮:৩১ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শনিবার শুরু হচ্ছে। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম।

নাম পরিবর্তন করে এবারের শিক্ষাবর্ষ থেকে আন্ডার গ্র্যাজুয়েট প্রগ্রামের ভর্তি পরীক্ষার নামে পুনর্গঠিত ৪টি ইউনিটে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য প্রায় ২ লাখ ৯৮ হাজার ৫০০ জন শিক্ষার্থী কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট এই চার ইউনিটে আবেদন করেছে।

তিনি আরো বলেন, চারুকলাতে ৭ হাজার ৯৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। যার পরীক্ষা শনিবার সকালে শুরু হবে। এ ছাড়া কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ লক্ষ ২২ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী, বিজ্ঞান ইউনিটে ১ লক্ষ ২৭ হাজার ৭৯ জন শিক্ষার্থী, ব্যবসা শিক্ষা ইউনিটে ৪১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী।

তৃতীয়বারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে। তবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই অনুষ্ঠিত হবে।

সূত্র: কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন