POPULAR BD NEWS
Popular BD News Logo

তীব্র দাবদাহে পুড়ছে দেশ, থাকবে আরও আট দিন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩ | সময়: ২:৫৭ অপরাহ্ণ

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। এর মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা যানজটে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। আবহাওয়া অফিস বলছে, গরমের এই তীব্রতা থাকবে আরও কয়েকদিন। বর্তমানে মৃদু থেকে মাঝারি পর্যায়ের তাপপ্রবাহ আছে। এটা সর্বোচ্চ মাঝারি পর্যায়ে পৌঁছাতে পারে। পাশাপাশি গরমের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি ২১ এপ্রিল পর্যন্ত একইরকম বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক মনে করেন, বর্তমান এই পরিস্থিতির জন্য সবচেয়ে বড় দায় পশ্চিমা লঘুচাপের। এর প্রভাবে ভারতের রাজস্থানের মরুভূমি থেকে তপ্ত বায়ু ধেয়ে আসছে। তা সাধারণত বিহার পর্যন্ত বিস্তৃত থাকে। কিন্তু ওই লু হাওয়ার ঝাপটা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলকেও উষ্ণ করে তোলে। সেই বায়ু বিস্তার লাভ করেছে বাংলাদেশের অন্তত ৭টি বিভাগে।

তবে বৃষ্টির দেখা মিললে স্বস্তি মিলত। কিন্তু বৃষ্টিশূন্যতা এ তাপপ্রবাহকে আরও প্রভাবিত করেছে। দেশের বেশিরভাগ স্টেশনে তাপমাত্রা আজ আরও বাড়তে পারে। সাধারণত কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হলে সেখানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। এটি ৩৮ ডিগ্রি পার হলে তা পরিণত হয় মাঝারি তাপপ্রবাহে। আর ৪০ ডিগ্রি পার হলে সেটাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। যদি ৪২ ডিগ্রি পার হয়, সেটা অতি তীব্র তাপপ্রবাহে রূপ নেয়।

মার্কিন আবহাওয়া চ্যানেল ‘দ্য ওয়েদার চ্যানেল’র ১০ দিনের এক পূর্বাভাসে দেখা যায়, দেশের বিভিন্ন স্থানে আজ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। কিন্তু ঢাকায় পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। আজ তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

এই অবস্থা ঢাকায় ১৬ এপ্রিল পর্যন্ত থাকতে পারে। ১৭ এপ্রিল তাপমাত্রা ১ ডিগ্রি কমে ৪০ ডিগ্রি হলেও তা ১৮ থেকে ২০ এপ্রিল ফের ৪১ ডিগ্রি সেলসিয়াস হবে। ২১ এপ্রিল ফের ৪০ ডিগ্রিতে তাপমাত্রা নামতে পারে। এরপর অবশ্য ২৭ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকতে পারে। ২৩ এপ্রিল থেকে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখি বয়ে যেতে পারে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন