নোয়াখালীতে হত্যা মামলায় মৃত্যু দন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গেল ২০১৭ সালের ১ আগষ্ট কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার
লাকসাম উপজেলাধীন মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যা কান্ডের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে পুলিশ বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ ভিকটিম আকবর হোসেন বাবুলের হত্যাকান্ডের রহস্য উম্মোচনে তদন্ত শুরু করে এবং মামলা তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করে।
৬ এপ্রিল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত করে পাঁচ জনকে ফাঁসির দন্ডাদেশ প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১ এর অভিযানিক দল শনিবার দুপুরে নোয়াখালী জেলার চাটখিল থানাধীন হালিমা দিঘিরপাড় এলাকা হতে আকবর হোসেন বাবুল হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী রহমত উল্যাহ রনি (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন ১নং জয়াগ ইউপিস্থ উলুপাড়া গাছী বাড়ীর সামসুদ্দিনের ছেলে রহমত উল্লাহ রনি (২২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১নং আসামী লিপি আক্তার এর সাথে আকবর হোসেন বাবুলের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আসামী লিপি আক্তার অন্যান্য আসামীদের অর্থের প্রলোভন দেখিয়ে হত্যার পরিকল্পনায় সামিল করে। পরিকল্পনা মোতাবেক গ্রেফতারকৃত আসামী’সহ অন্যান্য আসামীরা বাবুলকে অপহরণ পূর্বক হত্যা করে এবং মৃত দেহ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলাধীন মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবায় ফেলে রেখে চলে আসে।