POPULAR BD NEWS
Popular BD News Logo

ভারতজুড়ে প্রতিবাদ বিক্ষোভ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ | সময়: ১২:৩৮ অপরাহ্ণ
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গান্ধী পরিবারকে অপমান করার অভিযোগ তুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর ভাই রাহুল গান্ধীকে সংসদ সদস্য (এমপি) পদে অযোগ্য ঘোষণার প্রতিবাদে গতকাল রবিবার ‘সংকল্প সত্যাগ্রহ’ কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি। এদিন রাহুলকে ‘শহীদের সন্তান’ আখ্যা দেন তিনি।

রাহুল গান্ধীকে এমপি পদে অযোগ্য ঘোষণার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ করেন কংগ্রেস দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গত শুক্রবার রাহুলের সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত আসার পর  রাজধানী নয়াদিল্লির রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে প্রথম আনুষ্ঠানিকভাবে দলীয় কর্মসূচি পালন করে কংগ্রেস।

কর্মসূচি থেকে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী একের পর এক আক্রমণ করেন । পুলিশ ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও এতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী-সমর্থকরা যোগ দেন।

বিজেপির নেতাদের কটূক্তির দিকে ইঙ্গিত করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আইনসভায় আমার শহীদ বাবাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমার মাকে অপমান করা হয়েছে। ভাইকে (রাহুল) মীরজাফর আখ্যা দেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে তিনি  বলেন, “আপনার দলের এক মুখ্যমন্ত্রী তো একবার বলেছিলেন, ‘রাহুল তো জানেনই না, ওর বাবা কে।’ এর পরও তো ওসব নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” প্রিয়াঙ্কা দাবি করেন, বারবার আপত্তিক মন্তব্যের পরও তাঁর পরিবার চুপ থেকেছে।

২০১৯ সালের এক নির্বাচনী জনসভায় ‘মোদি’ পদবি নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে বিজেপিশাসিত গুজরাট রাজ্যের একটি আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। এর পরদিনই লোকসভায় সচিবালয় তাঁর এমপি পদ বাতিল ঘোষণা করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন