POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়ভাইয়ের হাতে ছোটভাই খুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ | সময়: ৪:১৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বড়ভাইয়ের হাতে ছোটভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক বড়ভাইকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দুলাই মিয়া (২৫) । তিনি ধরমণ্ডল গ্রামের আনোয়ার আলীর ছেলে। ঘাতক ফুল মিয়া সম্পর্কে নিহতের বড়ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুলাই মিয়া ও ফুল মিয়া দুজন আপন ভাই। ফুল মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে গ্রামের বিভিন্নজনকে মারধর করত। প্রায়শই নেশাও করত। অনেকেই ছোটভাই দুলাই মিয়ার কাছে বিচার দিত এসব বিষয়ে। শুক্রবার বিকালেও একজনের সঙ্গে খারাপ ব্যবহার করে ফুল মিয়া।

এ নিয়ে ফুল মিয়ার সঙ্গে কথা বলতে গেলে ছোটভাই দুলাই মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহতাবস্থায় রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। ঢাকা যাওয়ার পথে সকালে মারা যান দুলাই মিয়া।

এদিকে গতকাল রাতেই ঘাতক ফুল মিয়াকে আটক করে স্থানীয় জনতা। এর পর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, বড়ভাই ফুল মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন