POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩ | সময়: ১:০১ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টা ৪২ মিনিটে প্রথমে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন বাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর স্বাধীনতার মহান স্থাপতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ফাতিহা পাঠ এবং জাতির পিতা ও ১৯৭৫-এর ১৫ আগস্ট সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন।

পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গবন্ধুর সমাধিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর রাষ্ট্রপতি আবার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতির পরিবারবর্গ এবং কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে আলাদাভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন