POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষা সফরের বাসে হঠাৎ আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৩:৩৩ অপরাহ্ণ

মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের সামনে রাখা একটি শিক্ষা সফরের বাসে হঠাৎ আগুন লেগে বাসটি ভস্মীভূত হয়েছে। তবে কেউ হতাহত না হলেও পুরো বাসটি পুড়ে গেছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মানিকগঞ্জ সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা সফরে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়িতে যাওয়ার জন্য ভাড়া করা হয়। ওই বাসটি শহরের পৌর সুপার মার্কেটের সামনে রাখা হয়। এ সময় বাসচালক দেখতে পান বাসের পেছন থেকে আগুন জ্বলে উঠছে। আর দ্রুত আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে যায়।

শিবালয়ের সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আমিনুর রহমান অঞ্জন বলেন, শিক্ষার্থীদের জন্য কুষ্টিয়া রবিঠাকুরের কুঠিবাড়ীসহ অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শনে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল। বেশিরভাগ শিক্ষার্থীর বাড়ি এদিকে হওয়াতে বাসটি পৌর সুপার মার্কেটের সামনে রাখা হয়। সকাল সাড়ে ৭টার দিকে শিক্ষা সফরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আগুনের খরব শুনি। তবে আগুনে আমাদের কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়নি।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, খবর পেয়েই দ্রুত আগুন নেভানো হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পেছনের অংশে থাকা সাউন্ডবক্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কেউ হতাহত না হলেও পুরো বাসটি পুড়ে গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন