রংপুর-জলঢাকা আঞ্চলিক মহাসড়কের গুঞ্জিপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জলঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী ময়না পরিবহন নামের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে খাদে পড়ে যায়।
নিহতরা হলেন- রংপুরের গুঞ্জিপুর এলাকার জাহাগীর হোসেন ও গাইবান্ধার সুমন মিয়া। আহত অবস্থায় অন্তত ২০ জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দ্রুতগামী ময়না পরিবহনের বাসটি ব্রেক ফেল করে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান। চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় বাসটির মালিক, চালক ও চালকের সহযোগীর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, এই সরু রাস্তা দিয়ে বেপরোয়াভাবে বাস চলাচল করে। এ কারণে প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে। পুলিশ যানবাহনগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে না বলে অভিযোগ স্থানীয়দের।
রংপুরের তারাগঞ্জ হাইওয়ের ইনচার্জ শেখ মো. মাহবুব মোরশেদ জানান, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বাসচালক ও তার সহযোগী পালিয়েছেন। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র:কালের কণ্ঠ
E/N