POPULAR BD NEWS
Popular BD News Logo

কয়েক হাজার ঘর পুড়ে যাওয়ার শঙ্কা

রোহিঙ্গাদের চারটি ক্যাম্পে আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৫, ২০২৩ | সময়: ৬:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রবিবার বিকাল ৩টার দিকে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে ৯,১০ ও ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে কয়েক হাজার ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রোহিঙ্গা ক্যাম্পের ঘরে-ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন বিপজ্জনক হয়ে উঠেছে। বিস্তৃর্ণ এলাকাজুড়ে আগুন থাকায় নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে।

ইতোমধ্যে চারটি ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়েছে।

৮ এবিপিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, বিকাল ৩টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে।

ইতোমধ্যে হাজারের কাছাকাছি রোহিঙ্গাদের ঘর আগুনে পুড়ে গেছে ধারণা করছেন এপিবিএনের এই কর্মকর্তা। তবে এ পর্যন্ত হতাহতের কোনো ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।

একই ক্যাম্পে ২০২১ সালের ২২ মার্চ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই সময় ১১ জন প্রাণ হারান। আহত হন পাঁচ শতাধিক। আগুনে পুড়ে গিয়েছিল নয় হাজারের বেশি ঘর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন