POPULAR BD NEWS
Popular BD News Logo

লক্ষ্মীপুরে রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে শিশুকে হত্যা করল বাবা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে রুবেনা আক্তারকে(১) মাথার ওপর থেকে রাস্তায় ছু্ড়ে মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাবা রহিম মিঝিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের লোকজন জানিয়েছেন রহিম মিঝি মানসিকভাবে অসুস্থ।

আটক রহিম মিঝি উপজেলার চরকালকিনি ইউনিয়নের চরকালকিনি গ্রামের শাহাব উদ্দিন মিঝির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার আগে রুবেনাকে বাবা রহিম কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে দোকানে যান। সেখানে হঠাৎ করে মাথার ওপর থেকে শিশুটিকে তিনি রাস্তায় ছুড়ে ফেলে দেন। এতে শিশুটি চিৎকার করে কেঁদে ওঠে।

তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এলে রহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তিনি একটি গাছে উঠে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আটক রহিমের চাচাতো ভাই ফরিদ মিঝি বলেন, রহিম মানসিক বিকারগ্রস্ত। সে কারণেই হয়তো শিশুটিকে রাস্তায় ছুড়ে মারে বলে ধারণা করা হচ্ছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতাল আনার আগেই শিশুটি মারা গেছে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে রহিমকে আটক করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন। তবে পরিবার থেকে বলা হয়েছে রহিম মানসিক বিকারগ্রস্ত। চিকিৎসকের প্রতিবেদন পাওয়া না পর্যন্ত তা নিশ্চিত হতে পারছি না।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন