POPULAR BD NEWS
Popular BD News Logo

ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় নিহত পাঁচশতাধিক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩ | সময়: ৪:১৫ অপরাহ্ণ

তুরস্ক ও সিরিয়ায় আজ ভোরে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। এখনো অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে। শক্তিশালী এ ভূমিকম্পে দুই দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এএফপি জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং টারতুস প্রদেশে ৬২৯ জন আহত হয়েছে। মারা গেছে ২৩৭ জন। এ ছাড়া ভূমিকম্পে তুর্কিপন্থী দলগুলোর নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ নিয়ে মোট মারা গেছে ২৪৫ জন।

এদিকে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তুরস্কে অন্তত ২৮৪ জন মারা গেছে। এ ছাড়া দুই হাজার তিন শজনেরও বেশি আহত হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় এ তথ্য জানিয়েছেন। দেশটির বিভিন্ন শহরে অনুসন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর লাতাকিয়া থেকে শুরু করে ভূমিকম্পটি দক্ষিণে রাজধানী দামেস্ক পর্যন্ত অনুভূত হয়েছে। তুরস্ক জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধারকারীদের পরস্পরের মধ্যে সমন্বয়ে সহায়তা করতে জনসাধারণকে মোবাইল ফোন ব্যবহার না করার আহ্বান জানিয়েছে।

ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দারা প্রচণ্ড শীতের মধ্যে তুষারে ঢাকা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। প্রবল ঝাঁকুনিতে বহু ভবন ধসে পড়েছে, সেসব ধ্বংসস্তূপে এখনো বহু মানুষ আটকা পড়ে আছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু জানিয়েছেন, ভূমিকম্পে গাজিয়ানতেপ, কাহরামানমারাস, হতাই, ওসমানিয়ে, আদিয়ামান, মালাটিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির ও কিলিস-এই ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, কাহরামানমারাস শহরে ধসে পড়া ভবনগুলোর চারপাশে লোকজন জড়ো হয়ে জীবিতদের খোঁজ করছে।

সূত্র: কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন