৭২ ঘন্টার মধ্যে বর্তমান রেজিস্ট্রারকে (অতিরিক্ত দায়িত্ব) অব্যাহতি প্রদানসহ আট দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচির ডাক দেয়। তবে জরুরি সেবা, ক্লাস ও পরীক্ষার সহায়তাকারী এবং গ্রন্থাগারে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা ওই কর্মবিরতির আওতামুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মবিরতির কর্মসূচি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় তাঁরা সেখানে ৮ দফা দাবিতে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি শুরু করেন। তাঁদের দাবিগুলো হচ্ছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বর্তমান রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে (মোহাম্মদ জসিম উদ্দীন) অব্যাহতি দেওয়া, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত স্থায়ী পদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন রেজিস্টার নিয়োগ দেওয়া, কর্মচারীদের সমিতি/ইউনিয়ন অনুমোদন দেওয়া, আগামী সাত দিনের মধ্যে অনতিবিলম্বে মাস্টাররোল ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং সদ্য স্থায়ীকৃত কর্মচারীদের আপগ্রেডেশন নিশ্চিতকরণ।