POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের মেঘনায় চার লাখ মিটার কারেন্টজাল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩ | সময়: ৭:৩৬ অপরাহ্ণ

মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে চার লাখ মিটার অবৈধ কারেন্টজাল, একটি মশারিজাল ও দশ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলা এলাকায় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন হিসেবে মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করছে। সন্ধ্যায় জব্দকৃত জাটকা স্থানীয় গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোসফিকুর রহমান, সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, বাংলাদেশ নৌবাহিনী ও নৌ-পুলিশের সদস্যরা।

এর আগে ২৩ ও ২৪ জানুয়ারি দুইদিনের বিশেষ কম্বিং অপারেশনে ৭ লাখ ৩০ হাজার মিটার কারেন্টজাল, ১টি বেহুন্দি জাল, ৩টি মশারি জাল ও ৬৫ কেজি জাটকা জব্দ করা হয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন