POPULAR BD NEWS
Popular BD News Logo

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল নারী ক্রিকেটারের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ | সময়: ১০:২২ পূর্বাহ্ণ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী ক্রিকেটার আনুশকা আক্তার লিজা (১৮) মারা গেছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে কাশিপুর চৌরাস্তা সংলগ্ন রাব্বি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা আবু জাহেরের মেয়ে আনুশকা। বরিশালে ফুফুর বাসায় থেকে লেখাপড়া করতেন। আজ তার দুই বন্ধু শাওন ও জুবায়েরের সঙ্গে মোটরসাইকেলে কাশিপুরের দিক থেকে নথুল্লাবাদ টার্মিনালের দিকে আসছিলেন। পথে কাশিপুর চৌরাস্তা সংলগ্ন রাব্বি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরিবহনের যাত্রীরা অক্ষত থাকলেও মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আনুশকা মারা যান। অপর দুই বন্ধু চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, দুর্ঘটনায় আনুশকা নামের একজন মারা গেছেন। তার দুই বন্ধু শাওন (২০) ও জুবায়ের আহমেদকে (২০) গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এয়ারপোর্ট থানার উপপুলিশ পরিদর্শক রিয়াজ গণমাধ্যমকে বলেন, মারা যাওয়া আনুশকার বন্ধুরা জানিয়েছেন সে বরিশালে জেলা টিমে ক্রিকেট খেলত। ভালো ক্রিকেট খেলতে পারতো বলে বিভিন্ন সময় বরিশালের বাইরেও ম্যাচ খেলতে যেত। তার বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন