POPULAR BD NEWS
Popular BD News Logo

বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকা না পেয়ে মাকে পেটালো তিন ছেলে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ | সময়: ৪:৩৪ অপরাহ্ণ

চার বছর আগে মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর থেকেই ভাতার টাকা উত্তোলন করে তিন ছেলে ও মেয়েদের মধ্যে ভাগ করে দিয়ে নিজের খরচের জন্য কিছু টাকা রেখে দেন তার স্ত্রী। কিন্তু সম্প্রতি সেই জমানো টাকা দিয়ে জমি কিনে নিজের নামে দলিল করায় ক্ষুব্ধ হয়ে ওঠে ছেলেরা। জমি লিখে না দেওয়ায় এবং বাবার মুক্তিযোদ্ধা ভাতা দিতে অস্বীকার করায় বৃদ্ধ মাকে পিটিয়ে আহত করেছে তিন ছেলে।

মির্জা আছিয়া রহমান (৬৫) নামে মুক্তিযোদ্ধার ওই স্ত্রী ছেলেদের মারপিটে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে সদর ‍উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খিদরানি গ্রামে। আহত মির্জা আছিয়া ওই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মির্জা মতিয়ার রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে মির্জা আছিয়া রহমান এবং তার মেয়েরা জানান, চার বছর আগে মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর থেকেই মির্জা আছিয়া রহমান ভাতার টাকা উত্তোলন করে তিন ছেলে ও মেয়েদের মধ্যে ভাগ করে দেন এবং নিজের খরচের জন্য কিছু টাকা রেখে দেন। পরবর্তী সময়ে নিজের গোছানো টাকা দিয়ে জমি কিনে নিজের নামে দলিল করেন তিনি। এতে তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে ছেলেরা। জমি লিখে না দেওয়ায় এবং ভাতার পুরো টাকার দাবিতে দীর্ঘদিন ধরেই ছেলেরা আছিয়া রহমানকে বিভিন্ন সময় গালিগালাজ ও নির্যাতন করে আসছিল তারা।

তারা আরও জানান, এ সব বিষয় নিয়ে গত ১৪ জানুয়ারি স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা সালিশি বৈঠক করেন। কিন্তু ওই বৈঠকের সিদ্ধান্ত না মেনে সেখান থেকে তিন ছেলে মা আছিয়াকে তুলে নিয়ে যান এবং মেজ ছেলে আসলামের বাড়িতে আটকে রেখে মারপিট করেন। এ ঘটনায় আছিয়া রহমান বাদী হয়ে তিন ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

আছিয়া রহমান জানান, ছেলেরা তাকে গালে জুতা দিয়ে পিটিয়েছে। পায়ে ও কোমরে আঘাত করেছে। এ কারণে তিনি উঠতে-বসতে পারছেন না। বড় ছেলে ফারুক তার গলাটিপে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান, সেখান থেকে রাতেই পালিয়ে যান। পরে তাকে খুঁজতে বড় মেয়ে নাজমা খাতুনের বাড়িতে গিয়ে তাকেও মারপিট করে তিন ছেলে। পরে ১৫ জানুয়ারি স্থানীয়দের সহায়তায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হন আছিয়া।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক শাহীন মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতার অভিযান চলছে। ইতোমধ্যেই তারা জামিন নিয়েছে বলে শুনেছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন