POPULAR BD NEWS
Popular BD News Logo

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ | সময়: ৪:০৫ অপরাহ্ণ

যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়েছে।

সোমবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি।

এ উপলক্ষ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে বিএনপির এ কর্মসূচি কেন্দ্র করে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ের দিকে পুলিশের সাঁজোয়া যান রাখা হয়েছে।

আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকার পতনে বিএনপি এবং সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি আবারও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ২৫ জানুয়ারি দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে কর্মসূচি ঘোষণা দিতে পারে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন