পটুয়াখালীর দুমকি উপজেলায় ভাস্কর্য ভাঙার অভিযোগে এক দুর্বৃত্তকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা হাতেনাতে তাকে আটক করেন।
আটককৃত ব্যক্তি উপজেলার দুমকি মাদরাসা ব্রিজ এলাকার মিজানুর রহমান মৃধার ছেলে শরিয়তুল্লাহ (২০)। তিনি তাবলিগ জামায়াতের সক্রিয় কর্মী।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভর ওপরে উঠে মাথার অংশ ভেঙে মাটিতে ফেলে দেন শরিয়তুল্লাহ। এ সময় শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা ছুটে আসেন। পরে পালানোর সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
এদিকে এ বিষয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা বাদী হয়ে তার বিরুদ্ধে নাশকতামূলক ও রাষ্ট্রদ্রোহীতার অপরাধে মামলা দায়ের করেছে।
ইনচার্জ (ওসি) আবদুস সালাম জানান, শনিবার রাষ্ট্রদ্রোহ আইনের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে শরিয়তুল্লাহকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হবে।