POPULAR BD NEWS
Popular BD News Logo

বায়োজিদের জানাজার সময় ভেসে এলো ইউসুফের মরদেহ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ | সময়: ৫:২৬ অপরাহ্ণ
পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বরগুনার পাথরঘাটার নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় বায়োজিদ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। তার জানাজার সময় আজ বুধবার ভেসে আসে ইউসুফের মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন।

চেয়ারম্যান আলমগীর হোসেন  বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ঘাটে ফেরার পথে সগির হোসেন নামের এক মাঝি দুটি মরদেহ ভাসতে দেখে পদ্মা স্লুইসগেট  এলাকায় খবর দেন। পরে সেখানে যায় নিখোঁজ বায়জিদ ও ইউসুফের স্বজনরা।

 

মঙ্গলবার সন্ধ্যায় বায়োজিদের মরদেহ উদ্ধার করে কূলে দিকে নিয়ে আসে। বাকি দুই ট্রলারে ইউসুফের মরদেহ উদ্ধারের চেষ্টা চালানো হয়। আজ (বুধবার) সকালে চরে বায়োজিদের  জানাজার সময় কালাম নামের এক জেলে খবর দেন জানাজাস্থলের পাশেই বলেশ্বর নদে ইউসুফের মরদেহ ভাসছে। এরপর ইউসুফের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

জেলে আবুল কালাম বলেন, ‘নদীতে জাল ফেলে জানাজায় অংশগ্রহণ করার জন্য আসার পথে ইউসুফের মরদেহটি ভাসতে দেখি। এরপর লাশটি টেনে বালুচরে উঠিয়ে রেখে দৌড়ে এসে দেখি জানাজা শুরু হয়ে গেছে। জানাজা শেষে বিষয়টি আমি জানাই।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্ষীদিয়া চরের কাছে ট্রলারডুবিতে সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ইউসুফ ব্যাপারী ও বায়োজিদ নিখোঁজ হন।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন বলেন, বায়োজিদ ও ইউসুফ সম্পর্কে পরস্পর চাচাতো ভাই।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত উপপরিদর্শক সঞ্জয় মজুমদার জানান, নিখোঁজ দুই জেলেই উদ্ধার হয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন