POPULAR BD NEWS
Popular BD News Logo

তামাক ব্যবহারে দেশে প্রতিবছর দেড় লাখ মানুষ মারা যায়

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ | সময়: ৫:০২ অপরাহ্ণ

দেশে তামাক ব্যবহারের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। আর পঙ্গুত্ববরণ করে আরো কয়েক লাখ মানুষ। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সহযোগিতায় প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা আয়োজিত ‘টেকসই উন্নয়নে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত ’ শীর্ষক এক ভার্চুয়াল বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

তামাক ও তামাকজাত দ্রব্য দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। আগামি ২০৩০ সালের মধ্যে এসডিজি’র লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে সংশোধনীর মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

বৈঠকে অর্থনীতিবিদ ড.কাজী খলীকুজ্জমান আহমদ বলেন,‘ তামাক কোম্পানিতে সরকারের যে মালিকানা আছে সেটা ছেড়ে দিতে হবে ।’

আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় ভার্চুয়াল বৈঠকে মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড.কাজী খলীকুজ্জমান আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড.মোহাম্মদ আব্দুল মজিদ,স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা.নিজাম উদ্দিন আহমেদ,আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন প্রমুখ।

অনুষ্ঠানে প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এ বি এম জুবায়েরসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ভার্চুয়াল বৈঠকে উপস্থাপনায় বলা হয়, তামাক ব্যবহারজনিত মৃত্যু এবং অসুস্থতা এসডিজি’ র তৃতীয় লক্ষ্যমাত্রা- সুস্বাস্থ্য অর্জনের একটি বড় বাধা। বাংলাদেশে তামাক ব্যবহারকারী পরিবারগুলোর মাসিক খরচের ৫ শতাংশ তামাক ব্যবহারে এবং ১০ % তামাক ব্যবহারজনিত রোগের চিকিৎসায় ব্যয় হয়।

তামাক ব্যবহারের স্বাস্থ্য ব্যয় সাড়ে ৩০ হাজার কোটি টাকা। সবমিলিয়ে তামাক ব্যবহারে দরিদ্র মানুষ, আরও দরিদ্র হয়ে পড়ছে। যা এসডিজি’র লক্ষ্যমাত্রা-১ অর্জনে বড় বাধা। তামাক চাষে ব্যবহৃত মোট জমি এবং উৎপাদিত তামাক পাতার পরিমাণ- এই দুই বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ১৪তম ও ১২তম।

ক্রমবর্ধমান তামাকচাষের কারণে দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ক্রমশ হুমকির মুখে পড়ছে। লিঙ্গ সমতা টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ লক্ষ্য হলেও বাংলাদেশে তামাক ব্যবহার না করেও, পরোক্ষ ধুমপানের শিকার হচ্ছে বিপুল সংখ্যক নারী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন