POPULAR BD NEWS
Popular BD News Logo

আসামি না হয়েও নামের মিল থাকায় জেল খাটছেন লিটন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

ডাকাতির প্রস্তুতির মামলার আসামির সঙ্গে নামের মিল। বাবার নামও একই। কিন্তু মায়ের নাম, বয়স ও ঠিকানা ভিন্ন। তবে নামের মিল থাকার কারণে জেল খাটছেন আলমারি দোকানি মো. লিটন (৪০)। পুলিশের ভুলে তিনি বিনা দোষে নয় দিন ধরে কারা ভোগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি জানতে পেরে মামলার আসামি লিটন ও কারাভোগকারী লিটন একই ব্যক্তি কি না, তা তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার একটি ডাকাতির মামলায় ৯ ডিসেম্বর আলমারি রং করানোর কথা বলে লিটনকে পুলিশ থানায় ডেকে নিয়ে গ্রেফতার করেছিল। সেই থেকে লিটন কারাগারে।

গ্রেফতারকৃত লিটনের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভায়েরখীল এলাকায় আশ্রয়ণ প্রকল্পে। তিনি শুকলালহাট বাজারে রাব্বি মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি আলমারির দোকানের মালিক। কিন্তু মামলা এজাহারভুক্ত আসামির বাড়ি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজিপাড়া এলাকায়। দুজনের বাড়ির দূরত্ব ৩ কিলোমিটারের বেশি। দুজনের বাবার নাম মো. এসহাক।

বাবাকে কারাগার থেকে মুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে লিটনের ছেলে মো. নুর উদ্দিন (১৮)। তিনি বলেন, ৯ ডিসেম্বর থানা থেকে এক পুলিশ কর্মকর্তা তাঁর বাবাকে ফোন দিয়ে আলমারি রং করার কথা বলে ডেকে নিয়ে যান। থানায় যাওয়ার পর প্রথমে তাঁর মুঠোফোন জব্দ করা হয়। আর জানিয়ে দেওয়া হয় তাঁকে গ্রেফতার করা হয়েছে। বাবাকে গ্রেফতার খবর শুনে তিনি থানায় যান।

নুর উদ্দিন বলেন, তাঁর বাবাকে কারাগারে নেওয়া পর আইনি লড়াইয়ের জন্য মামলার নথি তোলার পর জানতে পারেন মামলার আসামি লিটন ও তাঁর বাবা এক ব্যক্তি নন। গত মঙ্গলবার তাঁরা চেয়ারম্যানের কাছে গিয়ে প্রত্যয়নপত্র নেন। পরের দিন প্রত্যয়নপত্র আদালতে জমা দেন। গত বৃহস্পতিবার বিচারক বিষয়টি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন