ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে মুসা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ নুরুল হকের ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি সাহাব উদ্দীন সিকদার জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের একটি পতাকা কিনে আনে মুসা। বিকেলে সেই পতাকা টাঙাতে গিয়ে মুসা তিনতলা ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এই কিশোরের মৃত্যু হয়েছে।