কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুইজনকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় ৯৬ বোতল গ্যাস সিলিন্ডারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি বিশেষ আভিযানিক দল গত ৩০ অক্টোবর বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুইজনকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীরা মূলত সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে।
গ্রেফতারকৃত আসামীরা নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত অজিজ উল্লাহ এর ছেলে মোঃ নুর উদ্দিন সুমন (২৯) এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা গ্রামের মৃত রফিক আহমদ এর ছেলে মোঃ মির আহমদ (২৭)।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Ni/N