POPULAR BD NEWS
Popular BD News Logo

দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা আরমিন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২ | সময়: ৩:৫২ অপরাহ্ণ

প্রায় এক যুগ পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন মো. আরমিন নামে ছাত্রলীগের এক নেতা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন আরমিন।

এর আগে গত বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খানের স্বাক্ষরিত ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। দুধ দিয়ে গোসল করা আরমিনকে কমিটিতে ১ নম্বর সহ সভাপতি করা হয়েছিল।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার কমিটি ঘোষণার পর থেকে ফেসবুকে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা চলছে। পদবঞ্চিত একটি অংশ কমিটি বাতিল চেয়ে বুধবার বিকেলে পাকুন্দিয়া পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল করে।

ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭টি মামলার আসামি, এক বছর ধরে পুলিশের হয়রানি,পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’

আরমিন বলেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারও কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া ভালো সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্ররাজনীতির ইতি টানলাম।’

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন