গেলো শুক্রবার রাতে সৎ মায়ের হাতে খুন হয় শিশু আহম্মেদ। হত্যা কান্ডের চারদিন পর রহস্যের উন্মোচন। সোমবার বিকেলে লক্ষিপুরের রামগঞ্জ থানার দরবেশপুর থেকে উদ্ধার করা হয় শিশু আহম্মেদের নিথরদেহ। সৎ মা কোহিনুর বেগম তাকে লাথি মেরে হত্যা করে। পরে বাবার বসতঘরের মাটিতে পুঁতে রাখেন পাষন্ড কোহিনূর।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় শিশু আহম্মেদের মৃতদেহ। ফুলের মতো নিষ্পাপ শিশু আহম্মেদের মুখখানি দেখতে শিশুর বাবার বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চৌঁ ছৈয়াল বাড়িতে ভিড়ে হাজারও মানুষ। কেঁদেছেন সবাই।
পরে বাদ আছর ইউনিয়নের দক্ষিণ রায়চৌঁ গাউছুল আজম জামে মসজিদ সংলগ্নে শিশুর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
এর আগে সকালে খুনি সৎ মা কোহিনুর বেগমের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চৌঁ গ্রাম থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে হাজীগঞ্জ বাজারের প্লাজার সামনে এসে মানববন্ধন করে এলাকাবাসী। এরপর পুনরায় মিছিলটি নিয়ে এলাকায় ফিরে যান তারা।
এলাকাবাসীর দাবী শিশু আহম্মেদের খুনি সৎ মা কোহিনুর বেগমের ফাঁসির আদেশ ও সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হোক।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর