আসন্ন এশিয়া কাপ নিয়ে বাড়তি দুশ্চিন্তা থাকতেই পারে বাংলাদেশ শিবিরে। কারণ ক্রিকেটের এই খুদে ফরম্যাটে এখনও টাইগারদের পারফরম্যান্স নড়বড়ে।
কুড়ি ওভারের খেলায় এবার বাংলাদেশের আড়ষ্টতা কাটাতে নতুন সব পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টির মেজাজে খেলতে না পারা মাহমুদউল্লাহকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েই পরিকল্পনার প্রথম কাজটি করেছে বিসিবি। অধিনায়ক করা হয়েছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
এবার বিসিবির নজর কোচিং স্টাফের দিকে। সেখানেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
দলের মানসিকতা বদলাতে ও ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি মেজাজ আনতে হেড কোচ রাসেল ডমিঙ্গোকেই বদলাতে চায় বিসিবি।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে সে কথারই ইঙ্গিত দিলেন পাপন। তিনি যা বললেন, তাতে টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো নিজের শেষটা দেখছেন।
নাজমুল হাসান বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী দল নই। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। দু-একদিনের মধ্যে জানতে পারবেন। মাইন্ডসেট বদলে ফেলতে চাই আমরা এবং সেটি এই এশিয়া কাপেই। দেখি, নতুন শুরু করা যায় কিনা।
সিডন্সকেই পাওয়ার হিটার কোচের দায়িত্ব দেওয়ার বিষয়ে পাপন বলেন, ‘কদিন আগে জেমি (সিডন্স) আমার বাসায় এসেছিল। কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই টি-টোয়েন্টির ভাবনাটা পরিবর্তন করতে হবে। আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তো তখন জেমি বলল ওর নাকি এটাতে বিশেষত্ব আছে। আমরা দেখছি এই এশিয়া কাপটা না আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। কারণ ওইটা আরও চ্যালেঞ্জিং। কারণ ওইটা অস্ট্রেলিয়ায়। ওসব জায়গায় তো আমরা স্ট্রাগল করি। সেসব কথা মাথায় রেখে আমরা কাজ করছি।’
যেহেতু টি-টোয়েন্টি সংস্কারণে হবে এশিয়া কাপ, তাই নতুন চিন্তার প্রবর্তন হতে পারে এই আসর থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দলের কোচ পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
তাই পাপনের এমন বক্তব্যে টি-টোয়েন্টি কোচ হিসাবে ডমিঙ্গোর বিদায় যে নিশ্চিত তা বোঝার বাকি নেই।