POPULAR BD NEWS
Popular BD News Logo

এশিয়া কাপে অধিনায়ক সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১২, ২০২২ | সময়: ৩:৫৩ অপরাহ্ণ

সাকিব আল হাসানকে শেষতক অধিনায়ক করেই এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা হতে যাচ্ছে! অথচ, একদিন আগেও দলে তার থাকা না-থাকা নিয়ে ছিল দোদুল্যমান অবস্থা। তার খেলা নিয়ে দেখা দিয়েছিল প্রবল সংশয়।

অনলাইন বেটিং সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূতের চুক্তি বাতিল করেছেন সাকিব। বলা ভালো, বাতিল করতে বাধ্য হয়েছেন। তাকে এখন আর একাদশে রাখতে কোনো সমস্যা নেই বিসিবির। ইনজুরির কারণে লিটন দাস ও নুরুল হাসান সোহান ছিটকে যাওয়ায় মাহমুদউল্লাহ ও সাকিবই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। আগামী টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে তাই সাকিবকেই অধিনায়ক হিসাবে দেখছে বিসিবি।

এরই মধ্যে সাকিবের চাহিদামতো দুজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। ফর্মহীনতার কারণে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার ও সাব্বির রহমানের এশিয়া কাপের দলে থাকা প্রায় নিশ্চিত। ইনজুরির কারণে দলে নেই নির্বাচকদের প্রথম পছন্দের তিন ক্রিকেটার লিটন দাস, নুরুল হাসান ও ইয়াসির আলী রাব্বি। নুরুল হাসানের জন্য কিছুটা সময় নেবে টিম ম্যানেজমেন্ট। বাকি দুজনের এরই মধ্যে ফিট হওয়ার সম্ভাবনা নেই। কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘ইনজুরি একটা বড় সমস্যা। তবে আমাদের অন্য খেলোয়াড়ও প্রস্তুত। বারবার কাটছাঁট করতে হচ্ছে। আগামীকাল (আজ) আমরা আবার আলোচনায় বসে দল চূড়ান্ত করব।’ অধিনায়কের বিষয়ে তিনি বলেন, ‘এটা আমরা বলতে পারব না। বিসিবি সিদ্ধান্ত নেবে।’

এদিকে শেষ পর্যন্ত সৌম্য ও সাব্বিরকে দলে রাখবেন কি না নির্বাচকরা, আগামীকাল তা জানা যাবে। তার আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়ানডে ফরম্যাটে খেলতে এ দুই ব্যাটার কাল ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন