POPULAR BD NEWS
Popular BD News Logo

ভিজিএফের ৫০ বস্তা চাল জব্দ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৯, ২০২২ | সময়: ৫:২৫ অপরাহ্ণ

দিনাজপুরের বিরামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের ৫০ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। সুবিধাভোগীদের মাঝে চালগুলো বিতরণ না করে মজুত করে রাখা হয়েছিল।

শনিবার উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে চালের বস্তাগুলো পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করে কক্ষটি সিলগালা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪নং দিওড় ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে বিতরণের জন্য ঈদ উপহার হিসেবে ৪২.৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। এরই মধ্যে অনেকের মাঝে চাল বিতরণ করা হয়।

কিন্তু বেশ কয়েকজন চাল না পেয়ে শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে যান। এ সময় তারা চাল মজুতের অভিযোগ তোলেন। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে এসে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং ইউপি ভবনের একটি কক্ষে ৫০ বস্তা চাল দেখতে পান।

শনিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, ট্যাগ অফিসার দীনেশ চন্দ্র রায় ও ইউএনওর অফিস সহকারী মোকলেছুর রহমান ওই ইউনিয়ন পরিষদে এসে ৫০ বস্তা চাল জব্দ করে কক্ষটি সিলগালা করেন।

৪নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, কার্ডধারী অনেক সুবিধাভোগী এখনও চাল পাননি। এজন্য চালগুলো মজুত রাখা হয়েছিল।

সূত্র: যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন