পশুর হাটের লেনদেন নির্বিঘ্ন রাখতে ঢাকার পশুর হাট এলাকাসংলগ্ন ব্যাংকের শাখা খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ওই সব শাখায় রাত আটটা পর্যন্ত লেনদেন চালু রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত একাধিক নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, পশুর হাটের ক্রেতা ও বিক্রেতারা রাতেও যাতে ব্যাংকে লেনদেন করতে পারেন, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক–কর্মচারীদের বেতন–বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার শিল্পসংশ্লিষ্ট এলাকার ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। এ কারণে শুক্র ও শনিবার পোশাকশিল্প ও ঢাকার পশুর হাটসংলগ্ন এলাকার ব্যাংক শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে আজ বৃহস্পতিবার সন্ধ্যাকালীন ব্যাংকিং লেনদেন চলবে। ফলে রাত আটটা পর্যন্ত সেবা চালু থাকবে। পাশাপাশি এসব এলাকায় শুক্র ও শনিবার ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে ব্যাংক।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক–কর্মচারীদের বেতন–বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার শিল্পসংশ্লিষ্ট এলাকায়ও ব্যাংক খোলা থাকবে।
সূত্র: প্রথম আলো
H/N