POPULAR BD NEWS
Popular BD News Logo

সমুদ্রে ‘ভয়ংকর’ ফেরিযাত্রায় অসুস্থ ক্রিকেটাররা, যা বলল বিসিবি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১, ২০২২ | সময়: ৮:৫৭ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজে টাইগারদের এবারের সফরটা চিরস্মরণীয় হয়েই থাকবে। সেন্ট লুসিয়ায় টেস্ট খেলা শেষে সীমিত ওভারের ম্যাচ খেলার জন্য ফেরিতে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয় বাংলাদেশ দল।

সমুদ্রযাত্রার মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন পেসার শরিফুল ইসলাম, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানসহ তারকা ক্রিকেটাররা। এ সময় বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটার আতঙ্কিত হয়ে পড়েন।

সমুদ্রে বিশাল ঢেউয়ের আতঙ্কে অসুস্থ হয়ে বমি করতে দেখা যায় শরিফুলকে। পাঁচ ঘণ্টার সমুদ্রযাত্রা শেষে ডমিনিকায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগেই এমন ধকলে পড়ে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের এই ভয়ংকর সমুদ্রযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরীর সুজন বলেন, ভয় পাওয়ার মতোই বিষয়। আবহাওয়া খারাপ থাকার কারণে এটা হয়েছে। ফেরি ছাড়ার পর যখন এমন আবহাওয়ার মধ্যে পড়েছে, তখন আর কিছু করার ছিল না। তাছাড়া আমাদের অনেক খেলোয়াড় এ ধরনের ভ্রমণে অভ্যস্ত নয়। ওদের খেলোয়াড়রা অভ্যস্ত বলে তাদের তেমন সমস্যা হয়নি।

সুজন আরও বলেন, দলের ফিজিওর সঙ্গে কথা বলেছি, যে তিন-চারজন অসুস্থ হয়েছে তাদের অনেকেই এরই মধ্যে সুস্থ হয়ে গেছে। শুনলাম একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আসলে রওনা দিতে হয়েছে ভোর রাতে। রাতের ঘুম না হওয়ায় একটু খারাপ লাগা কাজ করেই। এর সঙ্গে যোগ হয়েছে খারাপ আবহাওয়া।

সূত্র: যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন