POPULAR BD NEWS
Popular BD News Logo

সিলেট-সুনামগঞ্জে বিদ্যুৎহীন ৩ লাখ গ্রাহক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১৭, ২০২২ | সময়: ১০:৫৪ অপরাহ্ণ

বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এটি চলতি মৌসুমের তৃতীয় দফা বন্যা। একের পর এক বন্যায় বিপর্যস্ত এ অঞ্চলের বাসিন্দারা। বন্যায় তলিয়ে গেছে এই দুই জেলার কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র। পানিতে তলিয়ে গেছে সঞ্চালন লাইনও। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের বহু এলাকা।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই দুই জেলার প্রায় ৩ লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

জানা গেছে, সিলেটের কুমারগাঁওয়ের বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের উপকেন্দ্রেও পানি উঠে গেছে। পানি আরেকটু বাড়লে এই কেন্দ্রও বন্ধ হয়ে যাবে। এতে সিলেট ও সুনামগঞ্জের বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে।

তবে শুক্রবার দুপুর থেকে সেনাবাহিনী, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন সম্মিলিতভাবে এই উপকেন্দ্র চালু রাখতে কাজ করছে। বালির বস্তা ফেলে উপকেন্দ্রে পানি আটকানোর চেষ্টা চলছে। কেন্দ্রে ঢুকে পড়া পানি সেচ দিয়ে শুকানোর চেষ্টা করা হচ্ছে।

বিদ্যুৎ স্টেশন ডুবে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের ১২ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন। পানিতে বিদ্যুতের লাইন ও বিদ্যুৎ উপকেন্দ্র তলিয়ে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের ১২ উপজেলা ও সিলেটের দক্ষিণ সুরমার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার দীলিপ চন্দ্র চৌধুরী জানান, সমিতির সিলেট-১ এর অধীনে থাকা ৪ লাখ ১৩ হাজার গ্রাহকের মধ্যে প্রায় আড়াই হাজার গ্রাহক বিদ্যুৎহীন।

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সঞ্জীব কুমার রায় জানান, সিলেট-২ এর অধীনে থাকা ২ লাখ ১২ হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎহীন অন্তত ৯০ হাজার গ্রাহক।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন