POPULAR BD NEWS
Popular BD News Logo

ইলিশ বাজারে এলেও দাম বেশ চড়া

বৃষ্টি কমলে ইলিশের দেখা মিলতে পারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১২, ২০২২ | সময়: ১০:০৮ অপরাহ্ণ

প্রায় দেড় মাস আগে মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হলেও চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণের বাজারগুলোতে ইলিশের সরবরাহ কম। নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। যে কারণে মাছের বাজারগুলোতে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। অল্প কিছু ইলিশ বাজারে এলেও দাম বেশ চড়া।

কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ায় ইলিশ নদীর গভীরে চলে গেছে বলে মনে করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। তবে বৃষ্টি কমলে প্রত্যাশিত ইলিশ পাওয়া যাবে এমন প্রত্যাশা করছেন উপজেলা মৎস্য অফিসার মনোয়ারা বেগম।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জাটকা রক্ষায় চলতি বছরের ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা শেষে গত ১ মে থেকে আবার মাছ ধরা শুরু করেন জেলেরা।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ছেংগারচর বাজার, কালিপুর বাজার, কালির বাজার, মোহনপুর, এখলাছপুর, গজরা, বাবু বাজার, সুজাতপুর, মতলব বাজার, বরদিয়া আড়ং, মুন্সীরহাট, নায়েরগাঁও, নারায়ণপুর, মাছুয়া খালসহ কয়েকটি মাছবাজারে গিয়ে দেখা যায়, মাছ বিক্রেতারা হাতেগোনা কয়েকটি ইলিশ নিয়ে বসে আছেন। দাম বেশি হওয়ায় অধিকাংশ ক্রেতা দরদাম করেই ফিরে যাচ্ছেন। অনেককে শখ করে বেশি দাম দিয়ে দুই-একটি ইলিশ কিনে নিয়ে যেতে দেখা যায়।

উপজেলার ছেংগারচর বাজার ব্যবসায়ী ফকরুল ইসলাম বলেন, ইলিশ কিনতে ছেংগারচর মাছ বাজারে আসছিলাম। দাম বেশি হওয়ায় তিনি ইলিশের পরিবর্তে রুই মাছ কেনেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন