চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা নেতৃবৃন্দের সাথে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী পূনর্মিলনী ও মত বিনিময় করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও হাজীগঞ্জ-শাহরাস্তী(চাঁদপুর-৫) আসনের চেয়ার প্রতীকের সম্ভাব্য পদপ্রার্থী আলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।
৫ মে বৃহস্পতিবার বিকেল ৩ টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ পৌর কার্যালয়ে মত বিনিময় সভায় আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ আসন্ন ২০২৩ জাতীয় নির্বাচনকে নিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করা আমার ঈমানী দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে সংগঠনকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৬ মাসের মধ্যে হাজীগঞ্জ-শাহরাস্তির প্রতিটি ওয়ার্ডে ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার কমিটি গঠন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে আমি নিজেই সফর করার জন্য প্রস্তুত রয়েছি। দ্বীনের জন্য সর্বোচ্চ বিলিয়ে দিবে এমন কর্মী বাহিনী গঠন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০ জন নিয়ে হলেও কমিটি গঠন করে তাদেরকে প্রতি তিন মাস অন্তর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সংগঠনের আদর্শ-উদ্দেশ্য এবং নির্বাচনে করনীয় বিষয়ে প্রশিক্ষণে আলোচনা করা হবে। যারাই আমাদের সাথে থাকবে তাদেরকে নিয়েই হবে আমাদের পথচলা। সভায় ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সহসভাপতি সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সহসভাপতি এডভোকেট এমদাদুল হক পাটওয়ারী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সহসাধারণ সম্পাদক শেখ মো. মাছুম বিল্লাহ্, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মাওলানা ইউছুফ হাসান মাহমুদী ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ ফরিদ মজুমদার সহ হাজীগঞ্জ-শাহরাস্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।