মায়ের কাছে গোসল করতে যাওয়ার অনুমতি চায় বড় ছেলে সাইমুন। সাথে ছোট ভাই তামিমকে নিয়ে পুকুরের ঘাটলায় চলে যায় সে। এদিকে মা গোসল করতে যেতে বারণ করেছিল। সেই বারণই ছিল মা-ছেলের শেষ কথোপকথন।
বুধবার সকাল দশটার দিকে দুই ভাই গোসল করতে গিয়ে ডুবে যায় পুকুরে। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামের পাটোয়ারী বাড়ীতে। দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাইমুনের বয়স সাত বছর আর তামিমের বয়স ৫ বছর। খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন দুই শিশুর বাবা সাইফুল ইসলাম।
স্ত্রী লামিয়া বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, ঘাটলায় জুতা দেখেছি, তবুও ভাবিনি ছেলেরা পুকুরে ডুবে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই শিশুকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশু মৃত্যুর খবরে হাজীগঞ্জ থানার এসআই ইউনুস মিয়া ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।