POPULAR BD NEWS
Popular BD News Logo

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২ | সময়: ৩:৫৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় টানা ১০ দিনের বৃষ্টিতে কৃষকের চলতি রোপা বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। দুধকুমার, কালজানি ও সংকোষ নদের বুকে জেগে ওঠা চরে ও নিম্নাঞ্চলে এ বোরো ধানের আবাদ করেছিলেন কৃষকরা।

কিন্তু গত ১০ দিনে টানা যেন চৈত্র মাসে আষাড়ের বৃষ্টির ফলে শত শত হেক্টর জমির বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় মাথায় হাত পড়ে গেছে চাষিদের। ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে ভুরুঙ্গামারীর সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

ফলে নদীর তীরবর্তী ও নিচু অঞ্চলে রোপণ করা বিভিন্ন জাতের ধানক্ষেত পানিতে তলিয়ে যায়। চরের নদীভাঙনে অনেক ভূমিহীন, দরিদ্র ও অসহায় চাষি প্রতিবারের ন্যায় বিভিন্ন নদীর ধারে এবং নিম্নাঞ্চলগুলোতে এই বোরো ধান রোপণ করেছিলেন। আশা ছিল ধান উত্তোলন করতে পারলে এ ফসল থেকে লাভবান হওয়ার।

আর কয়েক দিন পরেই আগাম লাগানো কিছু কিছু জমির ধান কেটে কৃষকের ঘরে তোলার কথা। কিন্তু সে আশা এখন নিরাশায় পরিণত হয়েছে।

উপজেলার বলদিয়ার পশ্চিম কেদার, পরশুরামেরকুটি, সতিপুরী, উত্তর বলদিয়া, মোংলারকুটি ও সদর ইউনিয়নের নলেয়া এবং দক্ষিণ তিলাই, পাইকের ছড়া, আন্ধারিঝার, বহলগুড়ি, পাইকডাঙ্গা ও ঝুকিয়া, চরভুরুঙ্গামারী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকশ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া পানি জমেছে পটোল, ঝিঙা, মরিচ, করলা, শসা, চিচিঙ্গা ও শাকসবজির ক্ষেতে। কোথাও কোথাও ধানের গাছ ও সবজি পচে গেছে।

সূত্র:যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন