POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশ-মঙ্গোলিয়া প্রীতি ম্যাচ গ্যালারিতে বসে দেখবেন দর্শকরা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২৭, ২০২২ | সময়: ৭:৩০ অপরাহ্ণ

করোনা মহামারির বিধিনিষেধ তুলে দেওয়ায় প্রায় তিন বছর পর বাংলাদেশ-মঙ্গোলিয়ার মধ্যকার প্রীতি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দিয়ে গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখবেন সিলেটের দর্শকরা।

ম্যাচটি আগামী মঙ্গলবার বিকাল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ম্যাচ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্টরা এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছেন।

রোববার থেকে জেলা স্টেডিয়ামের দুটি বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। খেলায় দর্শকদের জন্য গ্যালারির টিকিট মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘ দিন পর মাঠে দর্শক উপস্থিত হয়ে খেলা দেখবে। তাই দর্শকদের জন্য আকর্ষণ হিসেবে থাকবে র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র’তে বিজয়ীদের টিভি, মোটরসাইকেল, ফ্রিজসহ অসংখ্য পুরস্কার দেওয়া হবে। এরই মধ্যে জেলা স্টেডিয়ামের দুটি বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানান তিনি।

বাফুফের এই সদস্য বলেন, দর্শকদের উপস্থিতি সাড়া ফেলে বলেই সিলেট জেলা স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ পায়। এতে সিলেট শহর দেশের মধ্যে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করছে। তিনি সিলেটের সব ফুটবলপ্রেমী দর্শকদের মাঠে বসে খেলা দেখার আহ্বান জানান।

উল্লেখ্য, সর্বশেষ সিলেট জেলা স্টেডিয়ামে গ্যালারিতে বসে ২০১৮ সালে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলা দেখেছিলেন দর্শকরা।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন