যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পাতাল ট্রেন (সাবওয়ে) স্টেশনগুলোতে অপরাধপ্রবণতা দিন দিন বেড়েই চলছে। প্রায় প্রতিদিনই ঘটছে নানা ধরনের অপরাধের ঘটনা। প্রতিনিয়ত এসব ঘটনায় হামলার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
এ ধরনের ঘটনার ফলে পাতাল ট্রেনে চলাচল করতে সাধারণ যাত্রীদের মাঝে অনীহা দেখা দিয়েছে। সন্ধ্যা নামতেই পাতাল ট্রেন (সাবওয়ে) স্টেশনগুলোতে আতঙ্ক দেখা ছড়িয়ে পড়ে। নিতান্ত বাধ্য না হলে কেউ পাতাল ট্রেন ব্যবহার করতে চান না।
করোনাভাইরাস মহামারি থেকে এই মহানগরী যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছিল ঠিক তখনই সাবওয়েতে অপরাধ নিয়ন্ত্রণভাবে বেড়ে চলেছে। দুই সপ্তাহ আগে নতুন মেয়র পাতাল ট্রেনে চলাচল নিরাপদ করার কঠোর প্রতিজ্ঞা উচ্চারণ করে পাতাল ট্রেন স্টেশনগুলো থেকে ছিন্নমূল মানুষদের উচ্ছেদ করতে অধিক সংখ্যক পুলিশ সদস্য নিয়োগের ঘোষণা দেওয়ার পর থেকে পাতাল ট্রেন স্টেশনে অপরাধ দুইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে- ‘নিউইয়র্ক পাতাল ট্রেন গণপরিবহণের পরিবর্তে বরং এক আতঙ্কের নাম। সাম্প্রতিককালে সিটিতে যত সংখ্যক সহিংসতা সংঘটিত হচ্ছে, তার অধিকাংশই ঘটছে পাতাল ট্রেন স্টেশনে।
এছাড়া আরও লক্ষ্যণীয় ব্যাপার হলো, যতগুলো অপরাধ পাতাল ট্রেন স্টেশনে ঘটছে, তা ট্রেনের ভেতর ঘটে থাকুক অথবা প্ল্যাটফর্মসহ সাবওয়ে স্টেশনে ঘটে থাকুক না কেন, প্রায় প্রতিটি ঘটনায় হামলার শিকার বাংলাদেশি, চাইনিজসহ এশীয় কমিউনিটির সদস্য।
সূত্র:যুগান্তর
E/N