মহামারী করোনা ভাইরাসের কারনে হয়ত পৃথিবী আজ থমকে দাঁড়িয়েছে। কিন্তু শিশু-কিশোররা থেমে নেই, তাঁরা মেতে উঠেছে নানা রকম খেলায়। তারই মধ্যেই গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য ঘুঁড়ি উৎসবে মেতে উঠেছে।

এমন ঘুড়ি উৎসবে মেতে উঠেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শিশু-কিশোররা। তারা আকাশে উড়াচ্ছে নানা রঙ এর শত শত ছোট, বড়, মাঝারি আকারের ডাহুক, তেলেঙ্গা, বাক্স ঘুড়ি। বাদ যায়নি রাতের আকাশটাও। ইলেকট্রিক বাতি লাগানো ডিজিটাল ঘুঁড়ি রাতের আকাশে যোগ করেছে ভিন্ন মাত্রা।
জোৎস্নার চাদরে ঢাকা রাতের আকাশে নক্ষত্রের মত জ্বলজ্বল করে জ্বলছে ডিজিটাল ঘুড়িগুলো।
উপজেলার গন্ধর্পুর ইউনিয়নের পালিশারা গ্রামের চিরকুট টিমের পরিচালক মাহাবুব আলম বলেন, ‘ছোটবেলা থেকে ঘুড়ি উড়ানো আমার খুব শখ। সময়ের অভাবে ঘুঁড়ি উড়াতে পারি না। তাই আমি আমাদের চিরকুট টিম মেম্বারদের ঘুঁড়ি বানিয়ে আনতে বললাম, তখন তারা ঘুঁড়ি নিয়ে আসে। অনেক দিন পর ঘুড়ি উড়াতে পেরে আমরা খুব আনন্দিত।’
করোনা ভাইরাসের কারণে গৃহবন্দিদশা থেকে মুক্তি দিতে সক্ষম হয়েছে এই ঘুড়ি উৎসব। অনেকদিন পর এই গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনায় ভূয়সী প্রশংসা করেছেন গ্রামবাসী।