POPULAR BD NEWS
Popular BD News Logo

পাকিস্তানে মসজিদে হামলার দায় নিল আইএস, নিহত বেড়ে ৫৬

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৫, ২০২২ | সময়: ২:৫০ অপরাহ্ণ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। স্থানীয় সময় গতকাল শুক্রবার এই বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ এবং আহত হয়েছেন প্রায় ২০০ মানুষ। খবর এএফপির

আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাক-এ জানিয়েছে, গতকাল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরের একটি শিয়া মসজিদে সফলভাবে হামলা চালিয়েছেন একজন আইএস যোদ্ধা।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম টেস্টের প্রথম দিনে প্রাণঘাতী এই হামলার ঘটনা ঘটল। পেশোয়ার থেকে রাওয়ালপিন্ডির দূরত্ব ১৯০ কিলোমিটার। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ২৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানে সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

পেশোয়ার পুলিশ বলেছে, শহরের কিসসা খাওয়ানি বাজারের একটি মসজিদে ঢোকার চেষ্টা করেছিলেন দুজন হামলাকারী। মসজিদে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি চালান তাঁরা। এক পুলিশ সদস্য নিহত ও অন্যজন গুরুতর আহত হন। পরে মসজিদের ভেতর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে।

 

সূত্র,: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন