হাজীগঞ্জ খাদ্য গুদামে নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গুদামে মজুদকৃত চালের বস্তা হতে চাল চুরি করে খােলা বাজারে বিক্রয়ের অভিযােগে দুদক, সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার সহকারী পরিচালক রাফী মোঃ নাজমুস্ সা’দাৎ-এর নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২মার্চ) খাদ্যগুদামে অভিযানকালে পাঁচটি গুদামে রক্ষিত চাল ও গমের পরিমাণ সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করা হয়।এর পাশাপাশি দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন খামাল থেকে কয়েকটি বস্তার চাল ও গমের পরিমাণ ওজন করা হয়।
এসময় কয়েকটি খামালে যথাযথভাবে বস্তা সংরক্ষণ না করায় ও খামাল কার্ড যথাস্থানে না রাখায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক করা হয়।
এছাড়া ১ নং গুদামে পড়ে থাকা কয়েকটি ছিন্ন বস্তা ও চাল যথাযথভাবে রিপ্যাকেটিং করে রাখার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়। এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবরে শীঘ্রই প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।