মতলব উত্তর থানার সরকারপাড়া এলাকায় অসহায় ৭৫ বছরের বৃদ্ধা মহিলাকে হত্যার চেষ্টা এবং খুনের পৃথক মামলার প্রধান আসামী মোস্তাকিন সরকার(৩৩) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
নাতনী ইনশানা বেগমের বিয়েতে বেড়াতে আসেন নানী মাজেদা বেগম(৭৫)। গত ০৯ ফেব্রুয়ারি দুপুরে ভিকটিম মাজেদা বেগম (৭৫) এর মেয়ে নার্গিস বেগম এর সাথে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে মোস্তাকিন সরকার (৩৩) এর সাথে বিরোধ হয়। বিরোধের জেরে আসামী মোস্তাকিন সরকার(৩৩) এর হকিস্টিকের আঘাতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। এদের মধ্যে মাজেদা বেগম ও তার মেয়ে নার্গিস বেগমকে আশষ্কা জনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় মেয়ের পরিবার মতলব উত্তর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিল।
অসহায় ৭৫ বছরের বৃদ্ধা মহিলাকে মারধরের ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি র্যাব-১১ এর নজরে আসলে বিষয়টি নিয়ে একটি মাঠ পর্যায়ে ছায়া তদন্ত শুরু করে। ১২দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি চাঁদপুর সদর হাসপাতালে মারা যান মাজেদা বেগম। পরবর্তীতে মাজেদা আক্তার এর ছেলে বাদী হয়ে একই থানায় পৃথক আরেকটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১ চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোস্তাকিন সরকার(৩৩) এর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরই প্রেক্ষিতে ২৭ ফেব্রুয়ারী রাতে একটি আভিযানিক দল ঢাকার মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোস্তাকিম সরকার(৩৩)কে আটক করতে সক্ষম হয়।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়।